আকু বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ
· Prothom Alo

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। আর ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ কমে হয়েছে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। মোট রিজার্ভ থেকে সব ধরনের দায়দেনা বাদ দেওয়ার পর প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এবারই প্রথম দেশের নিট বা প্রকৃত রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
Visit asg-reflektory.pl for more information.
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মে-জুন মাসের ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করা হয়েছে। এরপর বাংলাদেশ ব্যাংকের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যেকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।