ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

· Prothom Alo

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Visit afsport.lat for more information.

এই দুই শিক্ষার্থী হলো উপজেলার চরচারতলা গ্রামের আলম মিয়ার ছেলে চাঁন বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া গ্রামের নাছির নিয়াজের ছেলে রিয়ান নিয়াজ (১২)। আহত মো. রাহীম (১৩) একই মাদ্রাসার শিক্ষার্থী। তারা তিনজনই উপজেলার বাহাদুরপুর খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে খেলাধুলা শেষে শিক্ষার্থীরা মাদ্রাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামার সঙ্গে সঙ্গেই তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাহীমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read full story at source