‘কুৎসিত সমালোচনার’ জবাব যেভাবে দিলেন ডি ব্রুইনা, লুকাকুরা
· Prothom Alo
হায় বেলজিয়াম! সোনালি প্রজন্মের বেলজিয়াম!
এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের সেরা সময় পার হয়ে গেছে অনেক আগেই। এই বিশ্বকাপে তাঁরা হয়ে ছিলেন নিজের ছায়া। বেলজিয়ামও যেন গতিহীন ধারার মতো তুষারিত হয়ে ছিল প্রথম দুই ম্যাচে। মিসর ও ইরানের বিপক্ষে ড্রয়ের পর নকআউটে যাওয়া নিয়েও তো সংশয়ে পড়ে যায় দেশটি! কিন্তু প্রদীপ যেন দপ করে নিভে যাওয়ার আগে জ্বলে ওঠে, সোনালি প্রজন্ম নিজেদের শেষ বিশ্বকাপে জাতটা চেনালেন অবশেষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলের জয়টা বেলজিয়ামকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই তুলে দিল পরের পর্বে।
নিউজিল্যান্ডের সঙ্গে ধারে-ভারে কোনোভাবেই বেলজিয়ামের তুলনা হওয়ার কথা নয়। তবে বেলজিয়ামের আগের দুই ম্যাচের নিষ্প্রাণ পারফরম্যান্স তুলে দিচ্ছিল অনেক প্রশ্ন। কোচ রুডি গার্সিয়ার দিকে তাই আঙুল উঠছিল, এই বুড়িয়ে যাওয়া দলটা আদৌ কিছু করতে পারবে? জবাবটা দিলেন ‘বুড়োরাই’। ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা পেয়েছেন বাঁ পায়ের সেই পুরোনো ডি ব্রুইনাকে মনে করিয়ে দেওয়া দারুণ এক গোল।
Visit playerbros.org for more information.
৩৩ বছর বয়সী লুকাকু বদলি হিসেবে মাঠে নামার পর ফার্স্ট টাচেই হেড করে পেয়েছেন গোল। এই জয়ে সবচেয়ে বড় যার অবদান, সেই লিয়ান্দ্রো ত্রোসার ঠিক অবশ্য ‘বুড়ো’ নন, তবে তাঁরও বয়স হয়ে গেছে ৩১। আর বেলজিয়ামের হয়ে শেষ গোলটি করেছেন ২৭ বছর বয়সী ‘তরুণ’ অ্যালেক্সিস স্যালেম্যাকার্স। ডি ব্রুইনা, লুকাকুদের তুলনায় তো তাঁকে তরুণই বলতে হচ্ছে!
নিউজিল্যান্ডের বিপক্ষে লুকাকু- ডি ব্রুইনার উদযাপনইরান-মিসরের বিপক্ষে যে বেলজিয়ামকে খুঁজে পাওয়া যায়নি, ম্যাচ শেষে বেলজিয়াম কোচ গার্সিয়ার কণ্ঠে সেই বেলজিয়ামকে খুঁজে পাওয়ার তৃপ্তি, ‘বুড়োরাই আজ দেখিয়েছে। আমাদের ৪ গোলের ব্যবধানটা আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। তবে মনে রাখতে হবে, এখনো কিছুই জিতিনি আমরা।’
গার্সিয়া বলছেন, এখনো পুরো ছন্দে আসেনি তাঁর দল, ‘আমরা বলতে পারছি না যে এখনো সেরা ফর্মে আছি। তবে আমরা সেই পথেই আছি, ছন্দটা খুঁজে পাচ্ছি। দেখা যাক আমরা পরের পর্বে কাদের বিপক্ষে খেলি, তবে টুর্নামেন্টে প্রথম জয়টা আমাদের দরকার ছিল।’
পিতৃত্বকালীন সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে এই ম্যাচেই একাদশে ফিরেছেন বেলজিয়াম উইঙ্গার জেরেমি ডোকু, আগের ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছিলেন গার্সিয়া। জয়ের জন্য শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ে বেলজিয়াম। এগিয়ে যেতে পারত ম্যাচের শুরুতেই। তবে গোললাইন থেকে ক্লিয়ার করে দেন নিউজিল্যান্ডের ডিফেন্ডার।
তার খানিক পর বেলজিয়াম পেনাল্টি পেলেও ভিআরে বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত প্রথমার্ধে ত্রোসারের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি আর।
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর বেলজিয়াম দল
তবে সবকিছুর পর বুড়োদের দল নিয়ে সমালোচনার জবাব হিসেবেই গার্সিয়া এই ম্যাচটা দেখছেন, ‘ওদের নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে, সেটা আমার মতে খুব কুৎসিত। তবে সত্যি হচ্ছে, এটা খুব একটা প্রেরণার কিছু নয়।’ গার্সিয়া আস্থা রাখছেন এই খেলোয়াড়দের ওপরই, ‘আমার মনে হয়, যা উত্তর দেওয়ার আমার খেলোয়াড়েরাই দিয়ে দিয়েছে। আমার আর কিছু বলার নেই।’