ইঞ্জিনে আগুন লাগায় সাড়ে তিন ঘণ্টা আটকে ছিল ট্রেন, যাত্রীদের দুর্ভোগ
· Prothom Alo

ফেনী রেলস্টেশন এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও এরপর ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে স্টেশনটিতে আটকে পড়ে চট্টগ্রামমুখী ট্রেনটি। এ সময় প্রচণ্ড গরমের মধ্যে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। পরে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন আনার পর দুপুর ১২টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। ট্রেনটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন।
Visit sportbet.reviews for more information.
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৮টা ২২ মিনিটে ফেনী জংশনে প্রবেশ করে। যাত্রাবিরতি শেষে ফেনী স্টেশন ছাড়ার সময় ইঞ্জিনের নিচের অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। একপর্যায়ে ইঞ্জিনে আগুন ধরে গেলে দ্রুত ট্রেনটি থামান চালক। পরে দ্রুত পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন রেলের কর্মীরা। তবে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় ট্রেনটি সেখানে আটকে পড়ে। এ সময় যাত্রীদের অনেকেই স্টেশনে নেমে বিকল্প পরিবহনে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে ট্রেনে অপেক্ষারত যাত্রীদের পড়তে হয় প্রচণ্ড গরমের ভোগান্তিতে।
ট্রেনটির যাত্রী হাসিনা আক্তার বলেন, প্রচণ্ড গরমের মধ্যে শিশুসন্তানকে নিয়ে ট্রেনে অবস্থান করতে হয়েছে তাঁকে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম পৌঁছাতেও বিলম্ব হবে তাঁর।
জানতে চাইলে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন বলেন, মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্মে আটকা পড়ে। এ সময় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন আনার পর ট্রেনটি স্টেশন ত্যাগ করেছে।