চ্যাটজিপিটিতে লকডাউন মোড যুক্ত করল ওপেনএআই, যে সুবিধা পাওয়া যাবে

· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি বাড়ছে। বিশেষ করে প্রম্পট ইনজেকশন নামের একধরনের সাইবার হামলা এআই–নির্ভর সেবাগুলোর জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এ ধরনের হামলার ঝুঁকি কমাতে চ্যাটজিপিটিতে ‘লকডাউন মোড’ নামে নতুন একটি নিরাপত্তাসুবিধা চালু করেছে ওপেনএআই।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে আগে থেকেই একাধিক নিরাপত্তাব্যবস্থা রয়েছে। লকডাউন মোড সেই সুরক্ষাব্যবস্থার ওপর বাড়তি স্তর হিসেবে কাজ করবে। যাঁরা সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন এবং নিরাপত্তার ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা চান, তাঁদের জন্যই মূলত তৈরি করা হয়েছে লকডাউন মোড। এটি একটি ঐচ্ছিক সুবিধা। ফলে প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা মোডটি চালু বা বন্ধ করতে পারবেন।

Visit sport-tr.bet for more information.

লকডাউন মোড চালু থাকলে চ্যাটজিপিটির কিছু সক্ষমতা সীমিত হয়ে যাবে। এ সময় ছবি আপলোড ও ছবি তৈরি করা গেলেও ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করতে পারবে না চ্যাটজিপিটি। একইভাবে বিশ্লেষণের জন্য কোনো ফাইল নিজে থেকে ডাউনলোডও করতে পারবে না। তবে ব্যবহারকারীরা সরাসরি ফাইল আপলোড করে বিশ্লেষণের সুবিধা ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত, প্রম্পট ইনজেকশন হলো এমন একধরনের সাইবার হামলা, যেখানে ওয়েবপেজ, নথি বা এআই সিস্টেমের বিশ্লেষণ করা বিভিন্ন আধেয়র ( কনটেন্ট) মধ্যে গোপনে নির্দেশনা যুক্ত করা হয়। এসব নির্দেশনার মাধ্যমে এআই মডেলকে বিভ্রান্ত করে ব্যবহারকারীর উদ্দেশ্যের বাইরে গিয়ে তথ্য প্রকাশ বা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কাজ করতে পারে সাইবার অপরাধীরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Read full story at source