১০ বছর পর যমজ সন্তানের মা–বাবা হলেও আলোচিত তারকা দম্পতি

· Prothom Alo

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দম্পতি দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। যমজ পুত্রসন্তানের মা–বাবা হয়েছেন এই তারকা দম্পতি। আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন তাঁরা।

ইনস্টাগ্রামে যৌথ পোস্টে দিব্যাঙ্কা ও বিবেক লিখেছেন, ‘আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন—দ্বিগুণ নাও। যমজ পুত্রসন্তানের আশীর্বাদ পেয়েছি আমরা।’

Visit michezonews.co.za for more information.

আরেকটি পোস্টে বিবেক দাহিয়া রসিকতার সুরে লিখেছেন, ‘অপেক্ষার অবসান। আমাদের “দ্য বয়েজ” এসে গেছে, আর জীবন এখন কল্পনার চেয়েও সুন্দর লাগছে। দিব্যাঙ্কা আর আমি জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি, সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।’ যমজ সন্তানদের তিনি ‘দ্য বয়েজ’ বলে হলিউডের আলোচিত সিরিজের সঙ্গে তুলনা করেছেন।

সন্তান জন্মের কয়েক ঘণ্টা আগেই মাতৃত্বকালীন ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে তিনি লিখেছিলেন, ‘একসময় আমরা একে অপরের ঘর ছিলাম, এখন আমরা আরেকজনের জন্য একটি ঘর হয়ে উঠছি। এই যাত্রা কেমন হবে জানি না, তবে এটুকু জানি—এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সফর।’

দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া

কয়েক মাস আগে দিব্যাঙ্কা প্রথমবারের মতো জানান, তিনি মা হতে চলেছেন। তখন তিনি বলেছিলেন, প্রায় ছয় মাস পর্যন্ত তাঁরা বিষয়টি গোপন রাখতে পেরেছিলেন। অভিনেত্রীর ভাষায়, ‘আমরা পুরো ছয় মাস খবরটা লুকিয়ে রাখতে পেরেছিলাম।’
দিব্যাঙ্কা জানিয়েছিলেন, তিনি ও বিবেক ঠিক এই সময়টাতেই সন্তান নিতে চেয়েছিলেন। ‘আমরা সন্তান চেয়েছিলাম, চেষ্টা করেছি, আর ঈশ্বর আশীর্বাদ করেছেন,’ বলেছিলেন তিনি। সেই সময় তিনি আরও জানান, দুই পরিবারের সদস্যরাই খবরটি শুনে ভীষণ আনন্দিত।

মা–মেয়ে দুজনেই মামুট্টির নায়িকা হয়েছিলেন

এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা বলেছিলেন, গত কয়েক মাস তিনি খুব কম বাইরে বের হয়েছেন বলেই গর্ভধারণের বিষয়টি আড়ালে রাখা সম্ভব হয়েছিল। পরে একটি অনুষ্ঠানে বিবেক একা যাওয়ায় বন্ধুদের প্রশ্ন থেকেই গুঞ্জনের শুরু।

২০১৬ সালের ৮ জুলাই বিয়ে করেন দিব্যাঙ্কা ত্রিপাঠি ও বিবেক দাহিয়া। জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’র সেটে পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। দীর্ঘদিন ধরেই তাঁরা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত।
এবার সেই দম্পতির সংসারে এল নতুন আনন্দ। যমজ ছেলেকে ঘিরে এখন উৎসবের আবহ তাঁদের পরিবার ও ভক্তদের মধ্যে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source