রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল দেশেই
· Prothom Alo

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
Visit mchezo.co.za for more information.
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
আজকের ভূমিকম্প স্বল্পমাত্রার হলেও রাজধানীর অনেকেই এটি টের পেয়েছেন। রাজধানীর ক্রিসেট রোড থেকে এক নারী প্রথম আলোকে ভূমিকম্পের তথ্য জানান। হঠাৎই মাথা হালকা ঘুরে যাওয়ায় এবং মুঠোফোনে অ্যালার্ট আসায় তিনি ভূমিকম্প টের পেয়েছেন বলে জানান।
বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে বিশেষজ্ঞদের অভিমত। ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।