শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

· Prothom Alo

শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন উপাচার্য হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন অর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক মামুন অর রশিদকে চার বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

Visit salonsustainability.club for more information.

নবনিযুক্ত অধ্যাপক মামুন অর রশিদ একসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। তৎকালীন উপাচার্য শুচিতা শরমিনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোয় অল্প দিনের মধ্যে তাঁকে অপসারণ করা হয়। গত বছরের ১৩ মে পৃথক প্রজ্ঞাপনে তৎকালীন উপাচার্য শুচিতা শরমিন, সহ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মামুন অর রশিদকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের পূর্ণকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু পদোন্নতি নিয়ে টালবাহানার অভিযোগে তাঁর বিরুদ্ধে এককাট্টা হয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা। গত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি’ ঘোষণা দেন তাঁরা। একই সঙ্গে উপাচার্য তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণের দাবি করেন। এতে চার দিন ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

আজ দুপুরে উপাচার্য তৌফিক আলম উপস্থিত হয়ে বাইরে থেকে মিস্ত্রি এনে প্রশাসনিক ভবনের সব দপ্তরের তালা ভেঙে দেন। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে হাজির হলেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতি ফেরেনি। এর মধ্যেই নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মামুন অর রশিদকে নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনরত অন্তত তিনজন শিক্ষক প্রথম আলোকে বলেন, উপাচার্য তৌফিক আলমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি তাঁরা জেনেছেন। তবে চলমান আন্দোলনে এর কোনো প্রভাব পড়বে না। দাবি আদায়ে তাঁদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। কারণ, তাঁরা ন্যায্য দাবি নিয়ে অনেক দিন ধরেই লড়াই করছেন।

এ বিষয়ে বর্তমান উপাচার্য মোহাম্মদ তৌফিক আলমের প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, নতুন উপাচার্য হিসেবে মামুন অর রশিদ নিয়োগ পেয়েছেন। তিনি কবে যোগদান করবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Read full story at source