নেতৃত্বে সফল হতে নবীজির কালজয়ী ১০ মূলনীতি

· Prothom Alo

একবিংশ শতাব্দীতে রাষ্ট্র, সংগঠন বা করপোরেট জগতে ‘লিডারশিপ’ ও ‘টিম ম্যানেজমেন্ট’ নিয়ে যত তত্ত্বই আসুক, নেতৃত্বের প্রকৃত সংজ্ঞায় মহানবী (সা.)-এর চেয়ে সফল আর কেউ নেই।

Visit mchezo.co.za for more information.

তিনি শুধু একদল মানুষকে পরিচালিত করেননি, বরং তাঁদের প্রত্যেকের প্রতিভাকে বিকশিত করে একটি সোনালি সমাজ উপহার দিয়েছিলেন। একজন সফল নেতা বা সংগঠক হওয়ার জন্য তাঁর জীবন থেকে ১০টি অনন্য সূত্র তুলে ধরা হলো:

১. নেতৃত্বের মূলনীতি হলো সেবা

নেতৃত্ব মানে ক্ষমতার দাপট নয়, বরং দায়িত্ব পালন। নবীজি (সা.) নিজেকে নেতার চেয়ে জনসেবক হিসেবে উপস্থাপন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

রাসুল (সা.) বলেছেন, “কোনো জাতির নেতাই হলেন তাদের প্রকৃত সেবক।” (শুয়াবুল ইমান, বাইহাকি, হাদিস: ৫৯৯৫)

২. যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন

সাফল্যের জন্য সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া জরুরি। নবীজি (সা.) বংশমর্যাদার চেয়ে কর্মদক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিতেন।

তিনি বলেছেন, “যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে অর্পণ করা হয়, তখন তুমি কেয়ামতের (ধ্বংসের) অপেক্ষা করো।” (সহিহ বুখারি, হাদিস: ৫৯)

মহানবী (সা.) কতটা সাধারণ জীবন যাপন করতেন

৩. দলগত কাজে নিজের অংশগ্রহণ

একজন প্রকৃত নেতা কেবল নির্দেশ দেন না, বরং নিজেও কাজ করে উদাহরণ তৈরি করেন। খন্দকের যুদ্ধ বা মসজিদে নববী নির্মাণের সময় তিনি সাধারণ কর্মীদের মতো মাটি ও পাথর কেটেছেন।

হজরত বারা ইবনে আজিব (রা.) বলেন, “খন্দকের যুদ্ধের দিন আমি রাসুল (সা.)-কে মাটি বহন করতে দেখেছি, এমনকি ধূলিতে তাঁর পেটের শুভ্রতা ঢাকা পড়ে গিয়েছিল।” (সহিহ বুখারি, হাদিস: ২৮২৪)

৪. অধস্তনদের প্রতি সহানুভূতি

টিমওয়ার্কের প্রাণ হলো কর্মীদের সঙ্গে সুসম্পর্ক। নবীজি (সা.) তাঁর অধীনস্থদের নিজের মতো করে দেখার এবং তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ না দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, “তারা (অধীনস্থরা) তোমাদেরই ভাই। তাদের ওপর এমন কাজের বোঝা চাপিয়ে দিও না যা তাদের সাধ্যের বাইরে।” (সহিহ বুখারি, হাদিস: ৩০)

৫. পরামর্শভিত্তিক সিদ্ধান্ত

একগুঁয়েমি নেতৃত্বকে ধ্বংস করে। নবীজি (সা.) কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর সঙ্গীদের সঙ্গে পরামর্শ করতেন, যা দলের সদস্যদের মধ্যে গুরুত্ব পাওয়ার অনুভূতি জাগাত।

আবু হোরাইরা (রা.) বলেন, “আমি রাসুল (সা.)-এর চেয়ে বেশি সঙ্গীদের সঙ্গে পরামর্শকারী আর কাউকে দেখিনি।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৭১৪)

৬. সমস্যার তড়িৎ সমাধান ও ইতিবাচকতা

সংকট মুহূর্তে নেতাকে ধীরস্থির ও আশাবাদী হতে হয়। হুদাইবিয়ার সন্ধির মতো উত্তপ্ত পরিস্থিতিতেও তিনি শান্ত থেকে দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন।

হাদিসে এসেছে, “রাসুল (সা.) সব সময় সহজ বিষয়কে পছন্দ করতেন এবং মানুষকে সুসংবাদ দিতেন, বিতৃষ্ণা সৃষ্টি করতেন না।” (সহিহ বুখারি, হাদিস: ৬১২৫)

নবী মুসা ও হারুনের যুগলবন্দী জীবন থেকে শিক্ষা

৭. দূরদর্শিতা ও রণকৌশল

সাফল্যের জন্য কেবল পরিশ্রম নয়, মেধার ব্যবহারও জরুরি। শত্রুর গতিবিধি ও পরিবেশ বুঝে পরিকল্পনা করাই ছিল তাঁর সমর ও প্রশাসনিক কৌশল।

রাসুল (সা.) বলেছেন, “যুদ্ধ হলো একটি কৌশল বা রণকৌশল।” (সহিহ বুখারি, হাদিস: ৩০২৯)

৮. ভুল সংশোধনের মার্জিত পদ্ধতি

কারো ভুল হলে নবীজি (সা.) জনসম্মুখে তাকে লজ্জিত করতেন না; বরং ব্যক্তিগতভাবে বা নাম উল্লেখ না করে সাধারণ নসিহতের মাধ্যমে সংশোধন করে দিতেন।

কারো আচরণে কষ্ট পেলে বা ভুল দেখলে বলতেন, “লোকদের কী হয়েছে যে তারা এমন কাজ করছে!” (অর্থাৎ সরাসরি নাম ধরে লজ্জিত করতেন না)। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৮৮)

৯. সুশৃঙ্খল কাতারবন্দী হওয়া

যেকোনো দলগত কাজে শৃঙ্খলা বা ডিসিপ্লিন অপরিহার্য। নামাজের কাতার সোজা করার মাধ্যমে তিনি মূলত মুসলিম উম্মাহকে শৃঙ্খলার শিক্ষা দিয়েছেন।

তিনি বলতেন, “তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কেননা কাতার সোজা করা হলো নামাজের পূর্ণতার অংশ।” (যা শৃঙ্খলার প্রতীক)।
 (সহিহ বুখারি, হাদিস: ৭২৩)

১০. সাফল্যের কৃতিত্ব ভাগ করে নেওয়া

একজন সফল নেতা নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থকে বড় করে দেখেন এবং অন্যদের অবদানের স্বীকৃতি দেন। বিজয় অর্জনের পর তিনি সাহাবিদের ত্যাগ ও বীরত্বের ভূয়সী প্রশংসা করতেন।

তিনি বলেছেন, “যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৫)

রাসুল (সা.)-এর নেতৃত্বের মডেল ছিল দয়া, ইনসাফ ও যোগ্যতার এক অপূর্ব সমন্বয়। আধুনিক ব্যবস্থাপনায় আমরা যদি এই ১০ নীতি অনুসরণ করতে পারি, তবে যেকোনো দল বা প্রতিষ্ঠানকে সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যাওয়া সম্ভব।

হিংসার ‘নজর’ যখন সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়

Read full story at source