মা, তুমি আছ বলেই আকাশটা আজও নীল
· Prothom Alo

মানুষ বলে, বাবার ছায়া ছাড়া বড় হওয়া যেন তপ্ত দুপুরে মাথার ওপর ছাতা ছাড়া পথ হাঁটা। শৈশবের এক পর্যায়ে যখন বাবা চলে গেলেন, চারপাশের পৃথিবীটা হঠাৎ ঝাপসা হয়ে গিয়েছিল। সেই ঘোর অন্ধকার সময়ে মা হয়ে উঠলেন এক অটল পাহাড়। আজ যখন আমি অনার্স প্রথম বর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আগামীর স্বপ্ন বুনি, তখন পেছনের প্রতিটি পাতায় দেখি কেবল আমার মায়ের একক ও নিঃশব্দ লড়াইয়ের মহাকাব্য।
বাবার প্রয়াণের পর মা এক হাতে বাবার শাসন আর অন্য হাতে মায়ের মমতা দিয়ে আমাদের আগলে রেখেছেন। সমাজের প্রচলিত অনেক বাধা আর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি আমাকে কোনো দিন বুঝতে দেননি যে মাথার ওপর বাবার ছায়া নেই। মা শিখিয়েছেন—বাবার অনুপস্থিতি মানেই পথ থমকে যাওয়া নয়। তিনি আমাকে দিয়েছেন ডানা মেলার অবাধ স্বাধীনতা। সমাজে যেখানে অনেক সময় মেয়েদের ইচ্ছাগুলোকে শিকল পরানো হয়, সেখানে মা শিখিয়েছেন নিজের স্বপ্নকে ভালোবাসতে।
Visit esporist.org for more information.
মা, আমি ভালো আছিআমার প্রতিটি শখ, বই পড়ার নেশা কিংবা নতুন কিছু করার ইচ্ছা—সবকিছুতেই মা পাশে থেকেছেন ছায়ার মতো। তিনি কোনো দিন আমাকে কোনো কাজে অযোগ্য মনে করেননি, বরং সাহস দিয়েছেন এই বলে যে ‘আমি তো আছি!’ তাঁর নিজের অনেক অপূর্ণ স্বপ্ন হয়তো সংসারের চাপে হারিয়ে গেছে, কিন্তু তিনি সব সময় চেষ্টা করেছেন আমার স্বপ্নগুলো যেন পূর্ণতা পায়। সংসারের প্রতিটি অভাব আর ক্লান্তি তিনি হাসিমুখে আড়াল করেছেন কেবল আমাদের মুখে হাসি ফোটানোর জন্য।
মায়ের ত্যাগের ঋণ শোধ করার সাধ্য কারও নেই। তবে এই মা দিবসে পরম করুণাময় খোদার কাছে একটাই প্রার্থনা—মায়ের সেই সাহসী ও স্নিগ্ধ মুখটা যেন সারা জীবন এমন অমলিন থাকে। আমি যেন আমার কাজের মধ্য দিয়ে মায়ের সেই সব লড়াইয়ের সার্থকতা এনে দিতে পারি। মা, তুমি আছ বলেই আমার আকাশটা আজও নীল, আমার পৃথিবীটা আজও নিরাপদ।
শিক্ষার্থী, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা