রাজধানীর বসুন্ধরায় নিজস্ব করপোরেট ভবন নির্মাণ করবে ওয়ালটন হাইটেক
· Prothom Alo
দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিকস কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে নিজস্ব করপোরেট ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ভবন নির্মিত হবে।
Visit asg-reflektory.pl for more information.
আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারী ও সাধারণ মানুষকে এ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ওয়ালটন জানায়, রাজধানীর ভাটারা থানার আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে অবস্থিত সাবরিনা সোবহান পঞ্চম অ্যাভিনিউর ১০৮৮ নম্বর প্লটে এই করপোরেট প্রধান কার্যালয় নির্মিত হবে। মূলত বিশ্বমানের ও আধুনিক সব সুযোগ-সুবিধাসংবলিত প্রধান কার্যালয় তৈরির লক্ষ্যেই এই মেগা পরিকল্পনা হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
ভবন নির্মাণের প্রাথমিক ধাপ হিসেবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে ওয়ালটন। এর অংশ হিসেবে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল ও এমইপি–সংক্রান্ত (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং) যাবতীয় কারিগরি সেবার জন্য পেশাদার পরামর্শক নিয়োগ দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।
তিন কোম্পানিকে একীভূত করছে ইন্ট্রাকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি ব্যবসা সম্প্রসারণ ও প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে বড় ধরনের একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা ও বিএসইসির অনুমোদনের পর কোম্পানিটি এখন চূড়ান্ত ধাপের কার্যক্রম শুরু করেছে।
আজ ডিএসইর মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের সঙ্গে তাদের মালিকানাধীন নিচের তিনটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে এম হাই অ্যান্ড কোং সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড (এমএইচসিসিআরএসএল), নেসা অ্যান্ড সন্স লিমিটেড (এসএসএল) ও গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড (জিসিআরএসএল)।
একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ শেয়ার ইস্যু করার মাধ্যমে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের পরিশোধিত মূলধন বাড়ানো হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ২১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানিটি আরও জানিয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিপত্রের ভিত্তিতে এই একীভূতকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রথম ঘণ্টায় সূচকের চাঙা ভাব
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক ধারায় লেনদেন চলছে। বাজার খোলার প্রথম এক ঘণ্টা পার হওয়ার পর দেখা গেছে, প্রধান সূচকসহ সব কটি সূচকই ঊর্ধ্বমুখী। এ সময়ে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স প্রায় ২৫ পয়েন্টের মতো বেড়েছে।
বেলা ১১টা পর্যন্ত তথ্য অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯০ পয়েন্ট অতিক্রম করেছে। অর্থাৎ বাজারে বেশির ভাগ শেয়ারের দাম আজ শুরুর দিকে বাড়ছে।
আজ সবচেয়ে বেশি চাঙা ভাব দেখা গেছে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে। শরিয়াহ সূচক বা ডিএসইএস প্রথম এক ঘণ্টায় প্রায় শূন্য দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। এর অর্থ হলো, আজ দিনের শুরুতে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা ছিল বেশি।
আজ প্রথম এক ঘণ্টায় প্রায় ৩০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৭৪টির, অপরিবর্তিত রয়েছে ৭১টির।