বিইউবিটিতে এআই অলিম্পিয়াডের ঢাকা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

· Prothom Alo

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘তৃতীয় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’–এর ঢাকা আঞ্চলিক পর্ব। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকাসহ পার্শ্ববর্তী ছয়টি জেলার কয়েক শ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনভর এ আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।

Visit catcrossgame.com for more information.

আজ শনিবার সকাল আটটায় ভেন্যুতে অংশগ্রহণকারীদের নিবন্ধনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জ—এই দুটি বিভাগে ভাগ হয়ে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করেন। সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় এআই কোডিং প্রতিযোগিতা, যা চলে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। পাশাপাশি সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত আরেক দল শিক্ষার্থী ‘এআই কুইজ’ প্রতিযোগিতায় অংশ নেন। সকাল ১০টা থেকে কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে ‘এআইয়ের গল্প’ নামে মেশিন লার্নিংয়ের ওপর একটি অধিবেশন পরিচালনা করা হয়। এটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বেলা ১১টা ১০ মিনিটে শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এআই কুইজ বিভাগে ৯ জনকে ও এআই কোডিং চ্যালেঞ্জে ১৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, এআই কুইজ ও এআই কোডিং চ্যালেঞ্জে ভালো করা আরও বেশ কিছু শিক্ষার্থীকে ১৬ মে অনুষ্ঠেয় তৃতীয় জাতীয় এআই অলিম্পিয়াডের জন্য নির্বাচন করা হবে। তাঁদের নাম পরবর্তী সময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মুনশি মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইআইটির পরিচালক ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক অধ্যাপক বি এম মাইনুল হোসেন এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন মুহাম্মদ আমিনুর রহমান ও জাদু পিসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর হান্নান। স্বাগত বক্তব্য দেন বিডিওএসএনের সভাপতি মুনির হাসান। সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক মো. আহসান হাবীব।

এআই অলিম্পিয়াডে ঢাকা আঞ্চলিক পর্বে এক প্রতিযোগী

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম শওকত আলী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আর ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি আমাদের বর্তমানের বাস্তবতা। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে।’ তিনি ঘোষণা করেন, এই অলিম্পিয়াডের বিজয়ীরা বিইউবিটিতে ভর্তির ক্ষেত্রে ১০০ শতাংশ ওয়েভার সুবিধা পাবেন।

আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, ঢাকা আঞ্চলিক পর্বের সফল সমাপ্তি এআইয়ের প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। এই পর্বের বিজয়ীরা ১৬ মে চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং অংশীদার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি ও ব্রোঞ্জ স্পনসর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, টিভি পার্টনার দীপ্ত টিভি ও অন্যান্য অংশীদার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি, রকমারি ডটকম ও জাদু পিসি।

Read full story at source