বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ

· Prothom Alo

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শুক্রবার দুপুরে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

Visit moryak.biz for more information.

সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের শ্রমিকেরা আশা করেছিলেন, হাজারো শ্রমিকের রক্তে ভেজা জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শ্রমিকদের স্বার্থে কাজ করবে। কিন্তু ৫ আগস্টের পর সরকারের পক্ষ থেকে শ্রমিক আন্দোলনে নির্যাতন-নিপীড়ন হয়েছিল, যা অভ্যুত্থানের চেতনার সঙ্গে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা ছিল।

মনীষা চক্রবর্তী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তারাও শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি। আধুনিকায়নের নামে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদের পদক্ষেপ নিয়ে তারা ইতিমধ্যে শ্রমিকবিরোধী অবস্থান নিয়েছে।

অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলামির বাণিজ্যচুক্তি করেছে মন্তব্য করে মনীষা চক্রবর্তী বলেন, নির্বাচিত বিএনপি সরকার এই চুক্তি বাতিলের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উল্টো গতকাল থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং বিমান কেনা শুরু করেছে। এই গোলামির বাণিজ্যচুক্তি দেশের শিল্প ধ্বংস করবে, শ্রমিকদের বিপদে ফেলবে। তাই অবিলম্বে এই দেশবিরোধী চুক্তি বাতিল করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে চুক্তি বাতিলে সরকারকে বাধ্য করা হবে।

শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বাসদের উজিরপুর উপজেলা শাখার সদস্যসচিব মঞ্জুর মোর্শেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, ক্রীড়া সম্পাদক গাজী বেল্লাল হোসেন, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, এসএল ফার্মা লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, রেফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সর্দার, পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম গাজী, খান সন্স টেক্সটাইল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হোসেন, সোনারগাঁও টেক্সটাইল মিলস লিমিটেড ইউনিয়নের সভাপতি মাসুম গাজী, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহসভাপতি জসিম হোসেন, গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বরিশাল সদর স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির হোসেন হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, ৭ কোটি ৩৪ লাখ শ্রমশক্তির মাত্র ১৫ শতাংশ আনুষ্ঠানিক কাজে নিয়োজিত। বরিশালসহ সারা দেশে এই শ্রমিকেরা বাঁচার মতো মজুরি পান না। প্রায় সব কারখানায় শ্রমিকেরা ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করলেও ওভারটাইম দেওয়া হয় না, পরিচয়পত্র-নিয়োগপত্র দেওয়া হয় না। অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য সরকারের কোনো দায়িত্ব নেই, দায়িত্ব নেওয়ার পরিকল্পনাও নেই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বাজেটে আজ পর্যন্ত ১ শতাংশও বরাদ্দ হয়নি। মে দিবস আজ থেকে ১৪০ বছর আগে পার হয়ে গেলেও আজও মে দিবসের চেতনা বহুলাংশে অপূর্ণ। এ জন্য সব কারখানায় ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতে আজও শ্রমিকদের লড়াই করতে হচ্ছে।

Read full story at source