বগুড়ায় দিনের বেলায় পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

· Prothom Alo

বগুড়ায় প্রকাশ্যে দিনের বেলায় মোটরসাইকেলের গতিরোধ করে রকি মাহমুদ (৩২) নামে পাঁচ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রকি মাহমুদ শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। দুই মাস আগে তিনি কারাগার থেকে মুক্তি পান।

Visit rouesnews.click for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বনানী গাক হাসপাতালের সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রকিকে কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রকির মোটরসাইকেল, দুটি হাতুড়ি ও দুটি রামদা জব্দ করেছে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেখানে তাঁর মোটরসাইকেলসহ দুটি রামদা ও দুটি হাতুড়ি জব্দ করা হয়েছে। রকির বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ অন্তত পাঁচটি মামলা আছে। মাস দুয়েক আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Read full story at source