হেফাজতের নেতাকর্মীদের হত্যা মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ

· Prothom Alo

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

Visit freshyourfeel.org for more information.

এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলকে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১টার দিকে ট্রাইব্যুনাল বসেন।

শুনানিতে প্রসিকিউটর আবদুস সাত্তার বলেন, আবদুল জলিল মন্ডলের বিরুদ্ধে গত বছরের ১৪ মে ট্রাইব্যুনাল পরোয়ানা জারি করেন। তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। তাঁর আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আবদুল জলিলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডল গ্রেপ্তার

ডিবি সূত্র জানায়, আবদুল জলিল মন্ডলের বাড়ি পাবনায়। তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন আবদুল জলিল মন্ডল।

Read full story at source