হাসপাতালের রোগী, নার্স ও ট্রাফিক পুলিশকে ‘টিম খোরশেদের’ উপহার
· Prothom Alo

ঈদ মানেই আনন্দ, উৎসব আর স্বজনদের মিলনমেলার দিন। তবে এই আনন্দের দিনেও কেউ অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী, কেউ রোগীর সেবায় ব্যস্ত, আবার কেউ তপ্ত রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন সড়কে। এসব মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম খোরশেদ’ ও ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’।
আজ শনিবার সকালে ঈদের নামাজ শেষে সংগঠন দুটির টিম লিডার মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাঁদের স্বজন এবং দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের প্যাকেটে ছিল তরল দুধ, আপেল, কেক ও বিস্কুট।
Visit truewildslot.com for more information.
ঈদের দিন এসব উপহার পেয়ে রোগী, তাঁদের স্বজন, নার্সরা আবেগাপ্লুত হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন রোগী আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিনে উপহার পেয়ে আমরা আনন্দিত। এই আনন্দের দিনেও তারা আমাদের মনে রেখেছে, এটা অনেক ভালো লাগছে।’
এক রোগীর স্বজন মো. তাহের বলেন, ‘অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে থাকতে হচ্ছে, ঈদ উদ্যাপনের সুযোগ নেই। কিন্তু এই উপহার পেয়ে মনে হচ্ছে, আমরাও ঈদের আনন্দের বাইরে নই।’
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালেও রোগী ও নার্সদের মধ্যে উপহার বিতরণ করেন। পরে শহরের চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
উদ্যোক্তারা জানান, ঈদের দিনেও যাঁরা দায়িত্ব পালন করছেন বা অসুস্থতার কারণে পরিবার থেকে দূরে রয়েছেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।
মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনা সংকটকালে মরদেহ দাফন, খাবার বিতরণসহ নানা মানবিক উদ্যোগের কারণে আলোচিত হন। মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
এ বিষয়ে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রথম আলোকে বলেন, ‘ঈদের আনন্দ যখন পরিবারকেন্দ্রিক, তখন অনেকেই দায়িত্ব বা অসুস্থতার কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। হাসপাতালে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রোগী ও তাঁদের সেবায় নিয়োজিত নার্স স্বজনদের ছেড়ে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ট্রাফিক পুলিশ সদস্যরা রোদে পুড়ে আমাদের যাতায়াত নির্বিঘ্ন রাখেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।’
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে খোরশেদের সঙ্গে আনোয়ার মাহমুদ, বাচ্চু ব্যাপারী, শওকত খন্দকার, আফজাল হোসেনসহ সংগঠনের অন্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।