কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান

· Prothom Alo

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

Visit chickenroad.qpon for more information.

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সংক্ষিপ্ত সফরে আজ রোববার কুমিল্লা সেনানিবাসে আসেন। দুপুরে তিনি সেনানিবাসসংলগ্ন আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করেন। একই সঙ্গে ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করেন, আর্মি মেডিকেল কলেজ ও নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের নিজস্ব পাঁচ একর জমির (এরিয়া সদর দপ্তর, কুমিল্লা কর্তৃক প্রদত্ত) ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আজ কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭ দশমিক ০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো। বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত।

আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Read full story at source