জামালপুরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
· Prothom Alo

জামালপুরের মেলান্দহ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাসুদ (৩০)। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মো. মমিনের ছেলে মো. হাসিব (২৬)। তাঁরা সম্পর্কে সৎভাই।
Visit xsportfeed.life for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করেন। এতে মাসুদ গুরুতর আহত হন। স্থানীয় ও পরিবারের অন্যান্য লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর হক বলেন, তাঁরা দুজন সৎভাই হলেও একই মায়ের সন্তান। বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাটি হতো। গতকাল রাতেও তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে ছোট ভাই লোহার রড দিয়ে বড় ভাই মাসুদের মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।