জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীতে শুরু জাতীয় গণিত উৎসব
· Prothom Alo

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় গণিত উৎসব ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৬’।
আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এ উৎসব শুরু হয়। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করেছে।
Visit asg-reflektory.pl for more information.
জাতীয় পতাকা উত্তোলন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। আর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান। জাতীয় সংগীত পরিবেশন করে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা।
জাতীয় গণিত উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও প্যারেরা। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. এহতেশামুল হক খান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিন ‘ম’–কে না শপথ করান বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সাধারণ সম্পাদক মুনির হাসান।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানকে সামনে রেখে জাতীয় গণিত উৎসব হচ্ছে। আয়োজকেরা জানান, পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত চলবে। প্রাইমারি ২ ঘণ্টা, জুনিয়র ২ ঘণ্টা ৩০ মিনিট এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ৩ ঘণ্টা করে পরীক্ষা হবে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
জাতীয় পতাকা ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় গণিত উৎসবজাতীয় গণিত উৎসবের বিজয়ীদের ফলাফল পরবর্তী সময়ে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া জাতীয় পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ঈদের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হবে।
গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানস্থলে প্রথমা প্রকাশন, আদর্শ, তাম্রলিপি, স্বপ্ন ’৭১, ল্যাববাংলা, তৌফিক প্রকাশন, দ্বিমিক, রকমারি ডটকম, অন্যরকম বিজ্ঞানবাক্স, বাংলার ম্যাথ, প্রতিভাষা প্রকাশনের স্টল রয়েছে। উৎসবে প্রাথমিক চিকিৎসাসহায়তা দিচ্ছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড।
চলতি বছর গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে অনলাইনে ৫১ হাজার ৫৩২ শিক্ষার্থী নিবন্ধন করেছে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয় এবং বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ১২টি শহরে ‘আঞ্চলিক গণিত উৎসব’ অনুষ্ঠিত হয়। সব আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ২০০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় গণিত উৎসব। জাতীয় গণিত উৎসবের সেরাদের নিয়ে কয়েক ধাপে গণিত কর্মশালার মাধ্যমে জুলাই মাসে চীনে অনুষ্ঠেয় ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে।
গণিত উৎসবে আসা এক শিশুজাতীয় গণিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আব্দুল হাকিম খান, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক উজ্জ্বল কুমার দেব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রিজওয়ানা রিয়াজ, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক সকাল রায়, ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক রাজিয়া বেগম, টালি খাতার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহাদাত উল্লাহ্ খান এবং অ্যাসোসিয়েশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ফারজানা আলম।