শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, উপাচার্যকে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই সম্পূরক বৃত্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা তাঁকে কোথাও যেতে দেবে না।

২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি উল্লেখ করে রাকিব বলেন, আন্দোলনের মুখে পড়ে কাজটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দ্বিতীয় ক্যাম্পাস ও দুটি আবাসিক হলের কাজ শেষ না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ আবাসন ভাতা প্রদানের দাবিতে তারা ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করেন। ওই সময় সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তাঁরা একাডেমিক কার্যক্রমে ফিরে যান।

Visit livefromquarantine.club for more information.

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং জকসুর প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার একসঙ্গে পুরো অর্থ দিতে পারবে না; দুই বা তিন কিস্তিতে দেওয়া হবে।

রাকিব আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল, সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসনসংকট নিরসন না হওয়া পর্যন্ত তা চালু থাকবে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।  

এ ছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামাণিক, জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়সাল রাকিব এবং কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য।

Read full story at source